মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:২১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থীরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

 

সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথ আগে পড়ানো হয়েছে।

 

এদিকে সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা চলছিল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধানের রেফারেন্স টেনে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

 

সকালের শপথ অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ দেশি-বিদেশি হাজারো অতিথি উপস্থিত থাকবেন। শপথকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

এই শপথের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদে ফিরলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

 

বিস্তারিত আসছে......