মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জানিয়ে দেশটির ঢাকাস্থ হাইকমিশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। হাইকমিশন জানায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

 

তিনি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

 

উল্লেখ্য, আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

 

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এর আগে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন।

 

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইদিনে এ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। আজকের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রীর উপস্থিতি দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন গতির ইঙ্গিত দিচ্ছে। অনুষ্ঠানে সার্কভুক্ত অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।