সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ১০:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ এড়িয়ে গেলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো ‘মানে নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ লিখেছেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ মঙ্গলবার নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই।”
আসিফের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের একটি পূর্ববর্তী মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেছেন, “‘২০২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমদ?’”
এনসিপি নেতারা বলছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর বর্তায়। এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রয়োদশ সংসদের সদস্যরাই। সে কারণে এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি মঙ্গলবার তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ নিতে হবে।
অন্যদিকে এই বিষয়ের সঙ্গে পুরোপুরি একমত নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এটা যদি কনস্টিটিউশনে (সংবিধান) ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ড হয় এবং সে শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফশিল ফর্ম হয়, সে শপথ কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হয়, এতগুলো ‘হয়’ এর পরে, তারপরে হলেও হতে পারে।”
আসিফ মাহমুদের পোস্টে সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিতর্ক নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। এই দুটি শপথের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি কীভাবে সমন্বয় করা হবে—সেটাই এখন দেখার বিষয়।
