সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

 

সপ্তাহ পার না হতেই আবারও শোকের ছায়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে। রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি মেস থেকে ইমরান নাবিল প্রামাণিক নামে আরও এক শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধূপখোলা এলাকার রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ইমরান নাবিল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

 

গেন্ডারিয়া থানার পরিদর্শক (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর দেহ পায়। ঘটনার বর্ণনায় তিনি বলেন,

‘ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। কয়েকজন মিলে সেখানে মেস হিসেবে থাকতেন।’

 

এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী রাকিবা সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর এমন রহস্যজনক মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক মহলে গভীর উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে।