সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ভালোবাসা দিবসে কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই জুটি। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের অজানা স্মৃতি শেয়ার করেছেন স্পর্শিয়া। তার ভাষ্য, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

 

বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি স্পর্শিয়া বলেন, “আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।” তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণই পরিস্থিতি বদলে দেয়। সেই তথ্য জানিয়ে স্পর্শিয়া বলেন, নাওঈদ তাকে আশ্বস্ত করে বলেছিলেন, “বিয়ে করাটা বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন।”

 

সেই মুহূর্ত স্মরণ করে অভিনেত্রী বলেন, “আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।” বিয়ের সময় পরিবারের ভূমিকা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তার ভীতি দেখে পরিবারের সবাই তাকে সাহস দিয়েছিলেন। তারা বলেছিলেন, “‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করবেন।”

 

মূলত পরিবারের এই মানসিক সমর্থনের কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসার সাহস পান।

 

উল্লেখ্য, ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করছেন স্পর্শিয়া।

 

দুই বছরের দাম্পত্য জীবনে স্পর্শিয়া-নাওঈদের এই স্মৃতিচারণ অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।