সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তালিকা ঘুরে বেড়ালেও দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণানির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই।

 

সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত পুরোপুরি দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয়ী হয়েছে। দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে দলটি। ফলে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

 

দলীয় সূত্রের দাবি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যেসব নামের তালিকা প্রকাশ হচ্ছে, সেগুলোর বেশিরভাগই অনুমানভিত্তিক। বাস্তবে শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন, তা একমাত্র জানেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিসভা গঠনসংক্রান্ত বিষয়টি কার্যত পার্টি চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ ‘সিক্রেট ফাইল’, যার বিষয়ে অন্য কারও জানার সুযোগ নেই।

 

নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশই মন্ত্রিত্বে আগ্রহী। অনেকেই নিজেদের যোগ্য বলে মনে করছেন এবং কেউ কেউ মন্ত্রিত্ব পাওয়ার আশায় দৌড়ঝাঁপ ও বিভিন্ন মাধ্যমে লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন। তবে সরাসরি দলের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে কিছু বলার সাহস বা সুযোগ কারো নেই।

 

ফলে তারা সিনিয়র নেতাদের মাধ্যমে নিজেদের যোগ্যতা, অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। দলীয় সূত্রের দাবি, শেষ পর্যন্ত অল্পসংখ্যক অভিজ্ঞ ও গ্রহণযোগ্য সিনিয়র নেতাই নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো সম্পূর্ণভাবে দলের চেয়ারম্যানের হাতেই রয়েছে।

 

আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথের পরই নতুন মন্ত্রিসভার চূড়ান্ত চেহারা স্পষ্ট হবে।