সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

তারেক রহমান। ছবি: সংগ্রহীত

তারেক রহমান। ছবি: সংগ্রহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হলেও, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

 

এই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। আইন অনুযায়ী, একাধিক আসন থেকে নির্বাচিত হলেও একজন সংসদ সদস্য কেবল একটি আসনই রাখতে পারবেন। সে হিসেবে তিনি ঢাকা-১৭ আসন ধরে রাখার সিদ্ধান্ত নেন।

 

বগুড়া-৬ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

 

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পান, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এখানে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ঢাকা-১৭ আসনের মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি, বাতিল হয়েছে ২ হাজার ২১১টি, আর বৈধ ভোট ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।