তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টা ধরে চলা এই অপারেশনের মাধ্যমে তাঁর ব্রেইন টিউমারটি অপসারণ করেন চিকিৎসকরা। বর্তমানে তাঁকে পোস্ট-অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, আল্লাহর রহমতে সার্জারি সফল হয়েছে। তবে চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার পরবর্তী সময়টি অত্যন্ত সংবেদনশীল। যেকোনো ধরনের জটিলতা এড়াতে তাঁকে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তাই এই মুহূর্তে তাঁকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকরা এই সময়ে রোগীকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সন্ধ্যায় তানিয়া বৃষ্টি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর অসুস্থতার কথা জানান। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি সবার কাছে দোয়া চেয়েছিলেন। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ছোটপর্দায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন। সম্প্রতি রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর এই আকস্মিক অসুস্থতায় শোবিজ অঙ্গন ও ভক্তদের মাঝে উদ্বেগের ছায়া নেমে এসেছে।
