সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
সড়ক দুর্ঘটনায় নিহতদের একাংশ। ছবি: সংগৃহীত
সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের দুই শিশুসহ চারজন রয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। একই ঘটনায় পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী মেহের আফরোজ সুমী ও তিন কন্যা— মোহনা, ফাইজা ও সুবাহকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে তিনি ঘটনাটি জেনেছেন। লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রবাসে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
