এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন ফারহান আহমেদ জোভান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা তাঁর ক্যারিয়ার, পরিবার এবং জীবনসঙ্গিনী নির্জনাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন। জোভানের মতে, বিয়ের পর তাঁর কাছে ভালোবাসার সংজ্ঞা এখন অনেক বেশি গভীর এবং সেই সংজ্ঞার পুরোটাই জুড়ে আছেন তাঁর স্ত্রী।
ভালোবাসা দিবসেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন জোভান। তবে কর্মব্যস্ততাকে জীবনের বাধা মনে করেন না তিনি। বরং স্ত্রীর চমৎকার বোঝাপড়াকেই নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন। জোভান জানান, ওইদিন কাজ কিছুটা আগে শেষ করে তিনি স্ত্রীকে সময় দিয়েছেন। নির্জনা তাঁর কাজের ধরন বোঝেন বলেই কোনো অভিমান করেন না, যা জোভানকে মানসিকভাবে অনেক শান্তিতে রাখে।
বর্তমান প্রজন্মের ‘সিচুয়েশনশিপ’ বা ‘ঘোস্টিং’ এর মতো সম্পর্কের জটিল টার্মগুলো নিয়ে খুব একটা মাথা ঘামান না এই মিলেনিয়াল অভিনেতা। তাঁর কাছে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোই একেকটি সুন্দর স্মৃতি। প্রিয় মানুষের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জোভান আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। ও সাপোর্ট করে বলেই কাজ করে শান্তি পাই। ওর কাছে আমি অনেক কৃতজ্ঞ।”
