সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

কালজয়ী সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ অবশেষে তাঁর দীর্ঘ ক্যারিয়ারের কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন। ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এই অর্জন প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি স্বীকৃতিই আনন্দের, তবে এই সম্মান তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।

 

সাক্ষাৎকারে প্রিন্স মাহমুদ অতীতের কিছু অপ্রাপ্তির কথা স্মরণ করেন। ২০০০ সালে ‘মা’ গান এবং পরবর্তীতে ‘জেলখানার চিঠি’ গানের জন্য দারুণ আশাবাদী থাকলেও তখন স্বীকৃতি মেলেনি। তিনি বলেন, “স্বীকৃতি না পাওয়ায় আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি হতাশ হয়েছেন ভক্ত-শ্রোতারা।” তবুও ভক্তদের ভালোবাসাকেই নিজের কাজের মূল শক্তি মনে করে সৃষ্টির নেশায় ডুবে ছিলেন তিনি।

 

বর্তমানে এই সুরকার ব্যস্ত রয়েছেন এক বিশেষ প্রজেক্ট নিয়ে। একাত্তর থেকে ২০২৪-এর জুলাই বিপ্লব পর্যন্ত দেশের বীর শহীদদের স্মরণে গান তৈরি করছেন তিনি। এর মধ্যে শহীদ আবরার ফাহাদকে নিয়ে লেখা গানটি ছাড়াও আবু সাঈদ, মীর মুগ্ধ ও শাইখ আসহাবুল ইয়ামিনসহ সাতজন শহীদকে নিয়ে তাঁর এই বিশেষ আয়োজন। প্রিন্স মাহমুদ জানান, কোনো সংবাদের শিরোনাম হওয়ার জন্য নয়, বরং নিজের ভেতরকার তাড়না থেকেই এই কাজগুলো করছেন তিনি।