বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:১৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি তরুণ কণ্ঠ
পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে মাত্র কয়েকদিনের মধ্যে। চাঁদ দেখার ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরু হবে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুর কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজা রাখার সময় একই হবে না।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন দশেক এগিয়ে এসেছে রমজান। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, এবার বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম। সর্বনিম্ন সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে রোজার সময়।
পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা এবার সবচেয়ে কম সময়—১২ থেকে ১৩ ঘণ্টার মতো—রোজা রাখবেন। এই সময় ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় হবে ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো, যা ধীরে ধীরে কমে আসবে।
ইসলামিক ফাইন্ডারের তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসলিমরা। এরপরের অবস্থানে রয়েছে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।
আরব দেশগুলোতে রোজার সময় হবে সাড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। বাংলাদেশে এই সময় পৌনে ১৩ থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে থাকবে। ধীরে ধীরে শীতের সময়ে রমজান আসায় এবার বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে। যা রোজা পালনে স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের ভাষায়, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। তাই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়। রমজানের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে বিশ্বের মুসলিম সম্প্রদায়। সৌদি আরবসহ অনেক দেশে আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। না দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি।
এবারের রমজানে রোজার সময় কম হওয়ায় অনেকের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তর গোলার্ধের দেশগুলোতে এই স্বস্তি আরও বেশি।
