রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছে

নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে যখন নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে, তখন আন্তর্জাতিক প্রযুক্তি জগতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে অ্যাপলের সম্ভাব্য আইফোন ১৭ই। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সাময়িকী ম্যাকওয়ার্ল্ডের জার্মান সংস্করণ ম্যাকভেল্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসেই—সম্ভবত ১৯ ফেব্রুয়ারি—এই নতুন মডেল উন্মোচিত হতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর একই দিনে (১৯ ফেব্রুয়ারি) অ্যাপল আইফোন ১৬ই উন্মোচন করেছিল। সেই সময়সূচির ধারাবাহিকতায় এবারও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সংস্করণ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাকভেল্টের তথ্যের সূত্র হলো মুঠোফোন কেস ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকদের একটি সূত্র। ওই সূত্রের দাবি, ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচিত হতে পারে।

 

তবে ম্যাকভেল্ট নিজেরাই এই তারিখ নিয়ে সংশয় প্রকাশ করেছে। কারণ অ্যাপল সাধারণত বৃহস্পতিবার নতুন হার্ডওয়্যার উন্মোচন করে না। বড় পণ্যের ঘোষণা প্রতিষ্ঠানটি বেশিরভাগ সময় সপ্তাহের শুরুতে—সোমবার, মঙ্গলবার বা বুধবার—দিয়ে থাকে। এছাড়া নির্দিষ্ট উন্মোচনের তারিখ অ্যাপল সাধারণত আনুষঙ্গিক পণ্য নির্মাতাদের সঙ্গে আগে থেকে শেয়ার করে না। ফলে ১৯ ফেব্রুয়ারির তারিখটি এখনো নিশ্চিত নয়।

 

তবে গত বছরের সময়রেখা বিবেচনায় ফেব্রুয়ারির মধ্যেই নতুন আইফোনের ঘোষণা আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সম্ভাব্য সুবিধা ও হার্ডওয়্যার প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম দ্য ইনফরমেশনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ইতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা যুক্ত হতে পারে। ম্যাগসেফ সমর্থনের অভাব আইফোন ১৬ই–এর অন্যতম সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত হলে তা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

 

জাপানের প্রযুক্তি সাইট ম্যাকওটাকারা পৃথক এক প্রতিবেদনে সম্ভাব্য হার্ডওয়্যার পরিবর্তনের কথা জানিয়েছে। তাদের তথ্যমতে, আইফোন ১৭ইতে থাকতে পারে অ্যাপলের নতুন এ১৯ চিপ। পাশাপাশি যুক্ত হতে পারে সর্বশেষ সি১এক্স মডেম, যা আইফোন ১৬ই–এ ব্যবহৃত সি১ মডেমের তুলনায় প্রায় দ্বিগুণ গতির সংযোগ দিতে সক্ষম। ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রেড সংযোগের জন্য অ্যাপলের নিজস্ব এন১ নেটওয়ার্ক চিপ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।

 

নকশায় বড় পরিবর্তন নয় নতুন মডেলের নকশায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে আগের মডেলের মতোই এতে পর্দার ওপরের অংশে নচ থাকতে পারে। ডায়নামিক আইল্যান্ড যুক্ত হওয়ার সম্ভাবনাও কম। পাশাপাশি পেছনে একটি ক্যামেরা থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এনে অভ্যন্তরীণ চিপ, মডেম ও সংযোগ প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়েই আইফোন ১৭ইকে আরও সক্ষম করে তোলার কৌশল নিতে পারে অ্যাপল।

 

দাম নিয়ে ধারণা আইফোন ১৭ই মডেলের দাম কত হতে পারে, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে আগের সংস্করণ অর্থাৎ আইফোন ১৬ই–এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৫৯৯ ডলার হওয়ায় নতুন মডেলটির দামও কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে গুঞ্জন হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।