বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
তানিয়া বৃষ্টি। ছবি: সংগ্রহীত
সারা দেশ যখন ভালোবাসার রঙে রঙিন, তখন ঢাকাই নাটকের ব্যস্ততম মুখ তানিয়া বৃষ্টি লড়ছেন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে। হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ ঢেকে থাকা একটি ছবি পোস্ট করে তিনি তার অসুস্থতার জানান দেন।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, তানিয়া বৃষ্টির মাথায় টিউমার ধরা পড়েছে। আজ, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আবেগঘন পোস্টে তানিয়া জানান, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেলেও তার সময়টি কাটছে হাসপাতালের নির্জনতায়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন যে, পরদিন অর্থাৎ আজ তার মাথায় অস্ত্রোপচার হবে।
অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়েছে,
"অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।" সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন বলে জানানো হয়।
তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতায় নাট্যপাড়ায় শোকের আমেজ বিরাজ করছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
