রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার

আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার

 

ভোট পুনর্গণনার বিষয়ে আদালতের নির্দেশনা এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে নির্বাচন কমিশন আজই চিঠি পেতে পারে। কমিশনের পক্ষ থেকে শপথ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে।

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

 

একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ হয়নি।

 

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।