রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী বিএনপি-নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

আইন উপদেষ্টা বলেন, আজকের বৈঠক ছিল বিদায়ী। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।

 

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হবে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপি থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। এটি রাষ্ট্রপতি পড়াবেন বলে তিনি জানান। সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছাপ্রকাশ করা হয়েছে।

 

প্রথা অনুযায়ী যাঁদের আমন্ত্রণ জানানোর কথা সেটাই করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কে তাঁর জানা নেই। শুধু আজকে শুনেছেন এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না। এদিকে, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।