সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ১১:৫২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র।”
জামায়াত আমির বলেন, “আমাদের সরকার গঠনের সম্ভাবনা এবার অন্তত নাই, সবাই বুঝতে পারছি। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি, যেটুকু পেয়েছি এটা দিয়েই দেশের সেবা করতে পারবো এবং উদাহরণও তৈরি করতে পারবো। দেশের স্বার্থে সরকার কোনো উদ্যোগ নিলে আমরা সমর্থন দেব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে চাটুকারিতা করবো না।”
তিনি আরও বলেন, সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াত। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবেন দলের নেতা-কর্মীরা। “দেশবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। হয়তো সরকারি সুযোগ-সুবিধা কিংবা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অনেক কিছু আমাদের হাতে থাকবে না। এরপরও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের একনম্বর অগ্রাধিকার জনগণ, দুই নম্বর অগ্রাধিকার জনগণ এবং তিন নম্বর অগ্রাধিকারও থাকবে জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে।”
যেকোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সব নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। তিনি বলেন, “আমরা আগেই বলেছি, এমন বক্তব্য দিবো না যেটা আমরা মানতে পারবো না বা মানবো না। যা বলেছি ইনশাআল্লাহ আমরা মানবো। ভালো কাজে সমর্থন আর মন্দ কাজে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।” নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। এই ফলাফল দলটির জন্য সংসদে বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ডা. শফিকুর রহমানের বক্তব্যে সংসদকে কার্যকর ও জনমুখী করার প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে।
