শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারের বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুজনকে হলুদ পোশাকে নাচতে ও আনন্দ করতে দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা। ভিডিওতে দেখা যায়, একটি আয়োজনে হানিয়া ও আসিম একসঙ্গে নাচছেন। দুজনের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। সাজসজ্জা ও পরিবেশ দেখে অনেকের মনে হয়েছিল, এটি হয়তো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের নতুন জীবনকে ঘিরে শুভকামনা জানিয়েছেন।

 

তবে পরে জানা গেছে, এটি আসলে হানিয়া আমিরের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠান ছিল। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ছিল এই পাকিস্তানি অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের থিমই ছিল ‘বিয়ে’। ভিডিওতে হানিয়া নিজেকে স্পষ্ট বলতে শোনা যায়, “ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং” অর্থাৎ “আমার নকল বিয়েতে স্বাগতম”। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের এই ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “চুপিচুপি ভিডিও করা ঠিক না, এটা খারাপ।”

 

গত কয়েক মাস ধরে পাকিস্তানের শোবিজে হানিয়া ও আসিমের বিয়ের গুঞ্জন চলছে। দীর্ঘদিন পর বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে তাদের মধ্যে প্রেম চলছে কি না বা বিয়ের পরিকল্পনা আছে কি না—এ বিষয়ে দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ভক্তদের মধ্যে এই ‘ফেক ওয়েডিং’ ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, থিমটি খুবই মজার, আবার অনেকে এখনো আশা করছেন যে এটি শিগগিরই বাস্তবে পরিণত হবে।