শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপি নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড চালিয়ে গেলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

সারজিস আলম বলেন, “প্রায় ৩০টির মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। তাদের রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘর-দোকানপাটে হামলা করা হয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় এমন কর্মকাণ্ড করছে।”

 

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক, তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরনো রাজনৈতিক নোংরা কালচার, প্রতিহিংসার রাজনীতি ছুড়ে ফেলে দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যার যেটা দল, যার যেটা পছন্দের প্রার্থী, সে সেখানে রাজনীতি করবে। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেওয়া— এগুলো স্বৈরাচারী চরিত্র।”

 

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হতে চায়, আমরা মনে করি তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য হয়ে পড়বে। বিএনপি এক দিনে যা শুরু করেছে, এটা যদি তারা করতে থাকে, তারা দুই বছর ঠিকমতো টিকতে পারবে না।”

 

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কয়দিন আগেও ভুক্তভোগী ছিলেন, নির্যাতিত ছিলেন। একই চরিত্র যদি আপনারা দেখান, সামনে আপনাদের অবস্থা এর চেয়েও খারাপ হবে। যদি আপনারা আমাদের কাজে বাধা দেন, মিথ্যা মামলা দিতে চান, হুমকি-হয়রানি করতে চান, আমরা একটা লিমিট পর্যন্ত সহ্য করব, এরপর আর ছাড় দেব না।” এই অভিযোগ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। এনসিপির পক্ষ থেকে এ ধরনের ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।