জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শেষে রাত ১০টার মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলের পর্যবেক্ষণ ও নির্দেশনা তুলে ধরা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, দলের সর্বোচ্চ এই ফোরাম থেকে ভোটের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা এবং দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। জামায়াত আমির নিজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট নিয়ে পর্যালোচনা ও বক্তব্য তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে জামায়াতে ইসলামী তাদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ভোট দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন নিয়ে প্রশ্ন তোলে। সেখানে বলা হয়, ‘অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।’
এমন পরিস্থিতিতে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
এই বৈঠকের পর জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
