ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১২:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (শিক্ষক, পানিশ্বর ইসলামী ফাউন্ডেশন) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার এই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এদিকে ভোটের দিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। অনেক কেন্দ্রে ভোটাররা নির্ধারিত সময়ের আগেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে স্বতন্ত্র ২৭৫ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। এবার একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা সময় বেশি লাগতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে। প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটের ফলাফলও গণনায় যুক্ত হবে।
