নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
মেঘনা আলম। ছবি: সংগৃহীত
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর রমনা থানায় এ জিডি দায়ের করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি এবং নারী সমর্থকদের হয়রানির কারণে তিনি স্বাভাবিকভাবে প্রচার কার্যক্রম চালাতে পারেননি।
তিনি জিডিতে দাবি করেন, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। এই আসন থেকে এর আগে কখনো কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। নিরাপত্তা ঝুঁকির কারণেই সাধারণত নারী প্রার্থীরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হন না। চলমান নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী।
মেঘনা আলম আরও উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও অবহিত করেন। তবে একাধিকবার আশ্বাস পেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তার ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং বৈষম্যমূলক আচরণের শামিল বলে দাবি করেন তিনি।
