ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ব্রিফ করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগ্রহীত
ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ভোট কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
আসিফ মাহমুদ বলেন,
“এবার ভোটকারচুপি করতে দেওয়া হবে না। এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। কেউ সিল মেরে নিয়ে চলে যাচ্ছে, এমন দেখলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা শেষ পর্যন্ত মাঠ ছাড়বো না, প্রতিরোধ গড়ে তুলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“১৪শ' শহীদ ও বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচন করতে পারছি। আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, যেকোনো মূল্যে এই নির্বাচনকে দেশের জন্য কাজে লাগাতে হবে। ভোট যাকেই দেন, ভোট দিতে আসবেন। এর মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের পথে যেতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে। নিজের ভোট দিতে হবে অন্যের ভোটও নিশ্চিত করতে হবে।”
তিনি জানান, নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে ১১ দলীয় জোট মাঠে রয়েছে এবং জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন,
“আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, ৫ আগস্টের আগে মিডিয়া পক্ষপাতিত্ব করেছে, কিন্তু তাদের ছাড় দেওয়া হয়েছে। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। আমরা এগুলো নোট রাখছি, যারা এগুলো করছে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া হবে।”
একই সঙ্গে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সব পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনের ভোটে যেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন আসিফ মাহমুদ। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন ঘিরে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাতমূলক আচরণও লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র।
