ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
মোঃ বোরহান উদ্দিন
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
আগামীকাল ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কাকিনা ইউনিয়নের ইশোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় ভোটারদের চলাচলে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কোনো আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে নিজ হাতে মাটি কেটে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে রাস্তাটি মেরামতের কাজে নেমে পড়েন ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ।
এ সময় কাকিনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শরাফ উদ্দিন শরীফ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে তারা অত্যন্ত সন্তুষ্ট। এতে করে ভোটের দিন নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে অনেক সুবিধা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন,
“ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট দিতে গিয়ে যেন কোনো মানুষ কষ্ট না পায়—এই দায়িত্ববোধ থেকেই নিজে কাজ করেছি। জনগণের পাশে থাকাই আমার রাজনীতি।”
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলেন, জনপ্রতিনিধিরা যদি এভাবেই মানুষের প্রয়োজনে এগিয়ে আসেন, তাহলে এলাকার বহু সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।
