বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

নির্বাচনের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। তারই অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে। আজ বুধবার সকাল থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোটের ‘মালামাল বিতরণ’ কেন্দ্র থেকে ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিবেন এবং নিজ নিজ কেন্দ্রে চলে যাবেন বলে জানা গেছে।

 

গত ২ ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়। এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত ছিল; ভোটের আগের দিন বুধবার সেসব কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২০২৮ জন।

 

মোট কেন্দ্র: ৪২ হাজার ৬৫৯টি (সশরীরে ভোটগ্রহণ)  পোস্টাল ভোট কেন্দ্র: ২৯৯টি সব মিলিয়ে কেন্দ্র: ৪২ হাজার ৯৫৮টি  মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখেরও বেশি

 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্রে সামগ্রী নিরাপদে পৌঁছানোর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা সামগ্রী বুঝে নেওয়ার পর কেন্দ্রে স্থাপন করবেন এবং আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এদিকে ভোটাররা বাড়ি ফিরছেন, কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি চলছে—দেশজুড়ে এখন ভোটের উৎসবমুখর পরিবেশ।