বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত : ১১:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

মোড়ে মোড়ে, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে আছেন মানুষ, কোনো গাড়ি আসলে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। কোনো মতে ঝুলে রওনা দিচ্ছেন গন্তব্যের দিকে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে কর্ণফুলী ব্রিজের উভয় প্রান্ত, মইজ্জারটেক, চাতরী চৌমুহনী এলাকায় এই চিত্র দেখা যায়। দেখা যায়, গাড়ি না পেয়ে কর্ণফুলী শাহ্ আমানত ব্রিজ হেঁটেই পার হচ্ছেন অনেকেই। কারও হাতে, কারও কাঁধে রয়েছে ব্যাগ।

 

অতিরিক্ত যাত্রীর সুযোগে কয়েকগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। রেহেনা আক্তার নামের এক যাত্রী জানান, ব্রিজ থেকে বাঁশখালী গুনাগুরি সিএনজি ভাড়া স্বাভাবিকভাবে ৮০-১০০ হলেও এখন ২০০-৩০০ টাকা দাবি করছেন সিএনজি চালকেরা। এদিকে অতিরিক্ত যানজট এবং গাড়ি স্বল্পতার কথা জানিয়েছেন চালকেরা। অপরদিকে বাড়ি ফিরতে শত কষ্ট এবং ভোগান্তি পোহাতে হলেও যাত্রীদের মুখে এক অন্যরকম হাসি।

 

রাফ্সান নামের এক কলেজ ছাত্র জানান, “আমরা নতুন ভোটার, এবারের মতো ভোটের আমেজ আর কখনো দেখা যায়নি। এবার তরুণ-যুবকদের ভোটের মাধ্যমেই জনগণের সরকার নির্ধারণ করব।” আব্দুল কাদের নামের এক ব্যক্তি বলেন, “নবম সংসদ নির্বাচনের পর এই নির্বাচনেই মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। এরপর থেকে কোনো নির্বাচনে বাড়ি যায়নি। এবার বিভিন্ন প্রার্থীর লোকও যোগাযোগ করেছেন ভোটের বিষয়ে। তাই ভোট দিতে বাড়ি যাচ্ছি।”

 

আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকে দীর্ঘদিন পর প্রথমবারের মতো নিজ এলাকায় গিয়ে ভোট দিতে যাচ্ছেন। যাত্রীদের এই উৎসাহকে অনেকে ‘ভোট উৎসব’-এর প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন। ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।