গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ১০:৩৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোট (এনসিপি) মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তার দাখিলকৃত গুরুত্বপূর্ণ নথিপত্রে অসামঞ্জস্য ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস গাজীপুরের সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আলী নাছের খানের নির্বাচনী হলফনামায় প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে তার প্রকৃত আয়কর রিটার্ন ফর্মে থাকা এনআইডি তথ্যের পার্থক্য রয়েছে। ফলে নির্বাচন কমিশনে আবশ্যিকভাবে দাখিল করা কাগজপত্র ও আয়কর রিটার্ন সংক্রান্ত নথির মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী।
অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থী অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত বিকাশ নম্বর এবং সোনালী ব্যাংক পিএলসি’র গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার একটি হিসাব নম্বর প্রকাশ করে ভোটারদের কাছে প্রকাশ্যে আর্থিক সহায়তা চেয়েছেন। এ ধরনের প্রচার নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস বলেন, এনসিপি প্রার্থীর দাখিলকৃত নির্বাচনী নথি ও আয়কর রিটার্নের কাগজপত্র পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে, গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সালাহ উদ্দিন সরকার দুপুরে গাজীপুর ক্লাব লিমিটেডের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, বিষয়টি আরও আগে নজরে এলে আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে পারতাম। নির্বাচন একেবারে নিকটবর্তী হওয়া সত্ত্বেও গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের স্বার্থে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
