মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অনলাইনে প্রচারণা চলতে পারে। এতে আচরণ বিধি ভঙ্গ হবে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ২৯৯ আসনে ভোট হবে। একটি আসনে ভোট স্থগিত। সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে।

 

নির্বাচনের মূল তথ্য

 

  • মোট প্রার্থী: ২ হাজার ২৮ জন (নারী প্রার্থী ৮১ জন)
  • মোট কেন্দ্র: ৪২ হাজার ৬৫৯টি (৫০% সাধারণ, ৫০% গুরুত্বপূর্ণ/ঝুঁকিপূর্ণ)
  • মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখের বেশি
  • পোস্টাল ভোট: সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পৌঁছেছে
  • আইনশৃঙ্খলা বাহিনী: ৯ লাখ ৫৮ হাজার সদস্য
  • নির্বাহী ম্যাজিস্ট্রেট: ২ হাজার ১০০ জন
  • বিচারিক ম্যাজিস্ট্রেট: ৯৫৭ জন
  • পোলিং অফিসার: ৫ লক্ষাধিক
  • নজরদারি: ৯০%+ কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা
  • ব্যালট ও নির্বাচনী সামগ্রী: কাল থেকে বিতরণ শুরু, সন্ধ্যায় কেন্দ্রে পৌঁছাবে

 

তিনি আরও বলেন, ভোটের দিন ব্রিফিং হবে মোট চারবার। ভোটার গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা হবে। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। পুরো দেশের ভোটের ওপর মেজরিটির ভিত্তিতে গণভোটের ফলাফল দেওয়া হবে। ভোটার টার্নআউট ভালো হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজর রাখতে বলা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইসি’র এই ব্রিফিংয়ে ভোটারদের মধ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের আশা আরও জোরালো হয়েছে।