মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে তিন ধাপের কঠোর নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

 

তিনি বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। সে লক্ষ্যেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স, এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারাদেশে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।

 

আইজিপির দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

 

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, তফসিল ঘোষণার পর থেকে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৩১৭টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।

 

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।