মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো। বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যতিব্যস্ত। কারো হাতে ব্যাগ, কারো মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ। এর সঙ্গে অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।

 

রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা। চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করেন। কর্মজীবী এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। গত ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যা নির্বাচনি প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছেন চার দিনের ছুটি। এই সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা তাদের স্থায়ী ঠিকানার পথে ছুটেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।

 

ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়, বাস সংকট, বাড়তি ভাড়া ও যানজটে ভোগান্তি সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় ঘরমুখো যাত্রীর চাপ। যাত্রীরা অভিযোগ করছেন, বাসের ভাড়া বেড়েছে ২০-৫০ শতাংশ। অনেক ক্ষেত্রে টিকিট না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করতে হচ্ছে। যানজটের কারণে সময়ও বেশি লাগছে।

 

এদিকে রেলওয়ে ও লঞ্চ ঘাটেও একই চিত্র। ট্রেন ও লঞ্চের টিকিট প্রায় শেষ। অনেকে অগ্রিম টিকিট কেটে রেখেছেন। ঢাকা শহর ক্রমশ ফাঁকা হয়ে আসছে। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কমে গেছে। রাস্তায় যানবাহনের চাপও কম। ভোটের ছুটিতে এই ঘরমুখো মানুষের ঢলকে অনেকে ‘ভোট উৎসব’-এর প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন। গত কয়েক নির্বাচনে যারা ভোট দিতে পারেননি, তারা এবার উৎসাহ নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন।