মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগপ্রাপ্ত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। তবে তিনি অন্য কোনো আর্থিক বা অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মোহাম্মদ এজাজের নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে ডিএনসিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। সুরাইয়া আখতার জাহান পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
