ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে অপসারণ করেছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্যান্য আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।
এর আগে, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া, গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।
নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পুনর্বিন্যস্ত হলো।
