রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

 

প্রযুক্তিগত ত্রুটির কারণে ‘ভুলবশত’ গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের (প্রায় ৪ লাখ ৮৭ হাজার কোটি টাকা) বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করেছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব। এ ঘটনার কারণে অল্প সময়ের মধ্যেই কোটিপতি বনে যান অনেক গ্রাহক।

 

সংস্থাটির পরিকল্পনা ছিল গ্রাহকদের ২ হাজার ওন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেওয়ার। কিন্তু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রত্যেক গ্রাহককে ২,০০০ বিটকয়েন করে পাঠানো হয়।

 

পরবর্তীতে বিথাম্ব এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায়, দ্রুত ত্রুটিটি শনাক্ত করার পর প্রায় সব ভুলভাবে পাঠানো টোকেন পুনরুদ্ধার করা হয়েছে। ৩৫ মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন কার্যক্রম সীমিত করা হয়।

সংস্থার মতে, ভুলবশত পাঠানো ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের মধ্যে ৯৯.৭ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে এটি কোনো হ্যাকিং বা নিরাপত্তা ত্রুটির কারণে ঘটেনি এবং গ্রাহকের সম্পদের নিরাপত্তা সঠিক রয়েছে।

 

ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার ফাইন্যান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস (এফএসএস) এক জরুরি বৈঠক করে, তারা তদন্ত করবে এবং কোনো অবৈধ কার্যকলাপের প্রমাণ মিললে আনুষ্ঠানিক অনুসন্ধান চালানো হবে। বিথাম্ব পুরোপুরি সহযোগিতার অঙ্গীকার করেছে।

বিথাম্বের প্রধান নির্বাহী কর্মকর্তা লি জে-ওন বলেন,

“আমরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং বাহ্যিক সম্প্রসারণের চেয়ে ‘গ্রাহকের আস্থা ও মানসিক স্বস্তি’কে অগ্রাধিকার দেব।”

 

ঘটনার সময় প্ল্যাটফর্ম ব্যবহারকারী সকল গ্রাহককে ২০ হাজার ওন (প্রায় ১৩.৬৬ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ট্রেডিং ফি মওকুফসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে।

 

২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যাংক সিটিগ্রুপও অনুরূপ ভুলে এক গ্রাহকের হিসাবে ২৮০ ডলারের পরিবর্তে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করেছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই লেনদেনটি বাতিল করা হয়েছিল।