নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঘোষিত ছুটির বিষয়ে সংশোধনী এনেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক।
সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি বহাল থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য চলতি মাসের ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।
তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ক্ষেত্রে এই বিশেষ ছুটি ভোগের বিনিময়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর চলতি মাসের সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে এক দিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
ওই পোস্টে আরও বলা হয়, বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিও নির্ধারণ করেছে সরকার।
এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
