ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার ১৩টি সংসদীয় আসনে টানা ৯৬ ঘণ্টার জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কঠোর নির্দেশনার কথা জানানো হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে:
-
শুরু: ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট (ভোটের ৪৮ ঘণ্টা আগে)।
-
শেষ: ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিট (ভোটের ৪৮ ঘণ্টা পরে)।
এই নিষেধাজ্ঞার আওয়তায় ঠকাবে ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৩টি সংসদীয় এলাকা।
গণবিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে, উল্লিখিত সময়ের মধ্যে:
-
কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে পারবেন না।
-
কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করা বা তাতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
-
কোনো প্রকার আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করা যাবে না।
-
ভোটার বা নির্বাচনী কর্মকর্তাদের কোনো প্রকার হুমকি বা ভীতি প্রদর্শন করা যাবে না।
-
আগ্নেয়াস্ত্র বা শক্তি প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়:
"কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অন্যূন ২ বছর এবং অনধিক ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।"
উল্লেখ্য, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ঢাকা মহানগরে সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
