রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প

মোঃ মাহাবুবুর রাহমান রাব্বি

প্রকাশিত : ০১:৪০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ—২০২৬ সালের আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে এই উৎসবে অংশ নেবে ৪৮টি দেশ। ভেন্যু ছড়িয়ে আছে তিন দেশের বিশাল মানচিত্রজুড়ে। এই বিশাল আয়োজনে দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লজিস্টিকস—বিশেষ করে টুর্নামেন্ট চলাকালে ‘বেস ক্যাম্প’ কোথায় হবে। ফিফার কাছে সুবিধাজনক জায়গা দখলের জন্য দৌড়ঝাঁপ করছে দলগুলো। যদিও সব দলের ঘাঁটি এখনো চূড়ান্ত হয়নি, তবে বড় বড় দলগুলো ইতোমধ্যে তাদের বেস ক্যাম্প ঠিক করে ফেলেছে।

 

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত যেসব দলের বেস ক্যাম্প চূড়ান্ত হয়েছে:

  • আর্জেন্টিনা: কানসাস সিটি, মিসৌরি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ঘাঁটি গাড়ছে কানসাস সিটিতে। তারা এমএলএস দল স্পোর্টিং কেসির প্র্যাকটিস মাঠ ব্যবহার করবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দূরত্বের কথা চিন্তা করলে কানসাস সিটিই টুর্নামেন্টে তাদের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হবে কানসাস সিটি চিফসের অ্যারোহেড স্টেডিয়ামে।
  • ব্রাজিল: মরিসটাউন, নিউজার্সি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বেছে নিয়েছে একদম ঝকঝকে নতুন এক স্থাপনাকে। এমএলএস দল নিউইয়র্ক রেড বুলসের নতুন ঘাঁটি ‘রেড বুল পারফরম্যান্স সেন্টার’-এ (বিশ্বকাপের সময় যার নাম হবে কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি) অনুশীলন করবে সেলেসাওরা। নিউইয়র্ক সিটি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই সেন্টারে ৮টি পূর্ণ মাপের ফুটবল মাঠ রয়েছে।
  • ফ্রান্স: বোস্টন, ম্যাসাচুসেটস ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স আস্তানা গাড়ছে ঐতিহাসিক বোস্টন শহরে। দিদিয়ের দেশমের শিষ্যরা থাকবেন ফোর সিজনস হোটেলে। আর বাবলসন কলেজের মাঠে চলবে তাদের অনুশীলন। ফ্রান্স তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে নরওয়ের বিপক্ষে জিলেট স্টেডিয়ামে।
  • স্পেন: চ্যাটানুগা, টেনেসি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বেছে নিয়েছে টেনেসি অঙ্গরাজ্যের চ্যাটানুগা শহরকে। টেনেসি নদীর তীরে ১ লাখ ৯০ হাজার জনসংখ্যার এই ছোট্ট শহরের এম্বেসি সুইটস হোটেলে থাকবে স্প্যানিশরা। আর তাদের প্র্যাকটিস চলবে বেলর স্কুলে। গত ক্লাব বিশ্বকাপে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি দলটিও এখানেই অনুশীলন করেছিল।

 

এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য দলের বেস ক্যাম্প:

 

  • ক্রোয়েশিয়া: আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়া
  • জার্মানি: উইনস্টন-সালেম, নর্থ ক্যারোলাইনা
  • উরুগুয়ে: প্লেয়া দেল কারমেন, মেক্সিকো

 

দলগুলো বেস ক্যাম্প নির্বাচনের ক্ষেত্রে হোটেলের মান, অনুশীলনের সুযোগ-সুবিধা, যাতায়াতের সহজ পথ, গোপনীয়তা ও নিরাপত্তা—সবকিছু বিবেচনা করছে। ফিফার কাছে সবচেয়ে সুবিধাজনক জায়গা দখলের জন্য দৌড়ঝাঁপ চলছে। ২০২৬ বিশ্বকাপের এই বিশাল আয়োজনে লজিস্টিকসই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।