রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।

 

এরপর পর্যায়ক্রমে নিম্নলিখিত স্থানে সমাবেশ করবেন:

  • ঢাকা-১৬ আসন (পল্লবী): পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে
  • ঢাকা-১৫ আসন (মিরপুর): মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে
  • ঢাকা-১৪ আসন: ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে
  • ঢাকা-১৩ আসন (শ্যামলী): শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে
  • ঢাকা-১১ আসন (বাড্ডা): সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায়

 

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

 

দলীয় সূত্র জানায়, এই ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। তারেক রহমানের জনসভা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে এবং ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে সমর্থন জোরদার করবে বলে আশা করা হচ্ছে। এদিকে আজকের এই ব্যাপক জনসভা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।