রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহীত
আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় সর্বাত্মক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী দুই দিনে (রবি ও সোমবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে তার নিজস্ব নির্বাচনী আসন ঢাকা-১৭ ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সবকটি আসনেই থাকছে তার সরব উপস্থিতি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন:
"বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার বিষয়ে অবহিত করছি।"
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের ৬টি স্থানে ঝটিকা সফর করবেন তারেক রহমান। মাহদী আমিনের দেওয়া তথ্যমতে:
-
দুপুর ২:০০: ঢাকা-১৭ (নিজ নির্বাচনী এলাকা), ইসিবি চত্বর।
-
দুপুর ২:৪০: ঢাকা-১৬ (আমিনুল হকের এলাকা), পল্লবী লাল মাঠ।
-
বিকেল ৩:৩০: ঢাকা-১৫ (শফিকুল ইসলাম মিল্টনের এলাকা), মিরপুর-১০ সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ।
-
বিকেল ৪:২০: ঢাকা-১৪ (সানজিদা ইসলাম তুলির এলাকা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ।
-
বিকেল ৫:১০: ঢাকা-১৩ (ববি হাজ্জাজের এলাকা), শ্যামলী ক্লাব মাঠ।
-
সন্ধ্যা ৬:০০: ঢাকা-১১ (এম এ কাইয়ুমের এলাকা), বাড্ডা সাঁতারকুল সানভ্যালী মাঠে উপস্থিত থাকবেন তারেক রহমান।
পরদিন সোমবার সকাল ১১টা থেকে রাত পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ এবং বনানী এলাকায় মোট ৮টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী:
"আগামী পরশু দিন সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন।"
সোমবারের বিস্তারিত সূচি:
-
সকাল ১১:০০: ঢাকা-১৭ (নিজ এলাকা), বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ।
-
দুপুর ১২:০০: ঢাকা-১০ (শেখ রবিউল আলমের এলাকা), কলাবাগান ক্রীড়া চক্র মাঠ।
-
দুপুর ১:০০: ঢাকা-৮ (মির্জা আব্বাসের এলাকা), পীর জঙ্গি মাজার রোড।
-
দুপুর ২:০০: ঢাকা-৯ (হাবিবুর রশিদ হাবিবের এলাকা), বাসাবো তরুণ সংঘ মাঠ।
-
দুপুর ৩:০০: ঢাকা-৫ (নবীউল্লাহ নবীর এলাকা), যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড।
-
বিকেল ৪:০০: ঢাকা-৪ (তানভীর আহমেদ রবিনের এলাকা), জুরাইন-দয়াগঞ্জ রোড।
-
বিকেল ৫:০০: ঢাকা-৬ (ইশরাক হোসেনের এলাকা), ধূপখোলা মাঠ।
-
সন্ধ্যা ৬:০০: ঢাকা-৭ (হামিদুর রহমান হামিদের এলাকা), লালবাগ বালুর মাঠ।
তারেক রহমানের এই ঝটিকা সফরের খবর ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ তে দুই দিনে দুটি বড় সমাবেশের সংবাদে দলীয় নেতার্কর্মীরা উচ্ছাস প্রকাশ করছেন।
