আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫৩ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। এরপর দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সবশেষে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশস্থলগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁওয়ের বিদ্যালয় মাঠে ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রতিটি সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
এই তিন জেলায় তারেক রহমানের জনসভা বিএনপির নির্বাচনি প্রচারণায় উত্তরবঙ্গে বাড়তি গতি আনবে বলে দলটির নেতারা মনে করছেন। দলের পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানানো হয়েছে। উত্তরবঙ্গে বিএনপির এই কর্মসূচি নির্বাচনের আগে দলের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
