বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

 

২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের একটি বিস্তারিত খতিয়ান প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের গত কয়েক মাসের অর্জন ও কাজের পরিসংখ্যান তুলে ধরেন।

 

প্রেস সচিব জানান, এই সরকারের আমলে এখন পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে মোট ৫২৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা প্রশাসনিক দক্ষতার দিক থেকে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

 

শফিকুল আলম বলেন: "আজ পর্যন্ত ২০২৪ সালের ৮ আগস্ট ইন্টেরিম গভর্নমেন্ট (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব নেওয়ার পরে যেসব কাজ হয়েছে, যেগুলো আইন হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে এবং এর সঙ্গে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে, সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে অধ্যাদেশ জারি হয়েছে ১১৬টি।"

 

সরকারের আইনি সংস্কার ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি পরিলক্ষিত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব । সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ১১৬টি অধ্যাদেশ জারির পাশাপাশি আরও ১৬টি অধ্যাদেশ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মোট ১৪টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে।  বিভিন্ন সেক্টরের জন্য নতুন ১৪টি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পরিষদের পর্যালোচনার জন্য এ পর্যন্ত ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।

 

শফিকুল আলম আরও উল্লেখ করেন যে, গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নের হার বর্তমানে ৮৩ শতাংশ। এই পরিসংখ্যান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। বর্তমান উপদেষ্টা পরিষদের সভায় নিয়মিতভাবে এই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।