জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম এবং নাজমুস সাকিব। এ ছাড়া কয়েকজন সাংবাদিকও আহত হন।
আহত সাংবাদিকদের মধ্যে আছেন: আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী, দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল এবং কালবেলার তৌসিন। আহত শিক্ষার্থীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ অংশ নেয়। নির্ধারিত সময় শেষে খেলা টাইব্রেকারে গড়ালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দফায় দফায় দুই বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি হন।
সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।
