বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বর্ণ, রুপা, অপরিশোধিত তেল ও তামাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ফোনালাপ এবং যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য বৈঠকের খবরের কারণে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে পণ্যবাজারে।
সবচেয়ে বেশি দরপতন হয়েছে রুপার, যা প্রায় ১৫ শতাংশ কমেছে। অন্যদিকে স্বর্ণ, অপরিশোধিত তেল ও তামার দাম গড়ে প্রায় ২ শতাংশ নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও পণ্যবাজারে বিক্রির চাপ বাড়াচ্ছে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজি’র বিশ্লেষক টনি সাইকামোরা বলেন, “চলতি সপ্তাহে মূল্যবান ধাতুসহ বিভিন্ন পণ্যে অস্বাভাবিক দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। বর্তমান পতন সেই অস্থিরতারই ধারাবাহিক প্রতিক্রিয়া।”
তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার ইঙ্গিত এবং ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের ফলে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি কমেছে। এর প্রভাব তেলের দাম ও স্বর্ণের ওপর পড়েছে।
এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে এশীয় লেনদেনে ডলার স্থিতিশীল ছিল। ডলারের শক্তিশালী অবস্থার কারণে অন্যান্য মুদ্রায় পণ্যের ক্রয় ব্যয়বহুল হয়ে ওঠায় দামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের শঙ্কা কমায় তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। তামার বাজারেও চাপ বজায় রয়েছে, কারণ চাহিদা কম এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জে মজুত বেড়েছে। তবে সয়াবিনের দাম বেড়ে দুই মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন উদ্যোগে চীনের সঙ্গে সয়াবিন আমদানির সম্ভাব্য চুক্তির কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
