পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান নিশ্চিত করে জানিয়েছেন, চারজনের মধ্যে দুজন দম্পতি এবং তাদের দুই সন্তান। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুস্পষ্ট আত্মহত্যার চিঠি বা নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে পরিবারের আর্থিক সংকটের বিষয়টি উঠে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
