বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৪১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে গলাচিপা উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

 

নতুন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় নেতৃত্ব প্রত্যাশীদের নিয়ে মতামত গ্রহণ করা হবে। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃত্ব প্রত্যাশীকে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাফ খান অনুমোদন করেছেন।

 

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছে।

 

ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই বিলুপ্তির ফলে গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে দলের নির্বাচনি প্রচারণা আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।