মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সোনাগাজী পৌরসভায় গণসংযোগ ও পথসভায় আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগ্রহীত 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক শক্তি নির্বাচন বানচাল করতে নানা কৌশলে অপচেষ্টা চালাচ্ছে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর সোনাগাজী পৌরসভা এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ভোটারদের উদ্দেশে নির্বাচন সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

আবদুল আউয়াল মিন্টু বলেন, “গত ১৫–১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলেছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিব, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামীর ভবিষ্যৎ নেতা নির্বাচন করবে।”

 

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে যায় তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করতে এবং এ দেশের গতিপথ ঠিক রাখতে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এ মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।”

 

এর আগে সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে অনুষ্ঠিত আরেকটি পথসভায় তিনি স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কৃষি ও মৎস্যখাতের সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন তিনি।

 

পথসভা ও গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম আউয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দীনসহ অন্যান্য নেতাকর্মীরা।