মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

দেশ গড়তে প্রতিবন্ধীদের অংশগ্রহণ চান জাইমা রহমান। ছবি: সংগ্রহীত 

 

রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রগঠনে প্রতিবন্ধী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারপারসনের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে সর্বজনীন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ শীর্ষক এই মতবিনিময় সভায় জাইমা রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে শুধু প্রতিবন্ধী জনগোষ্ঠী নয়, পিছিয়ে পড়া সব শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।

 

সভায় অংশ নেওয়া প্রতিবন্ধী নাগরিকরা যানবাহন ব্যবহার, সড়কে চলাচল, শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানের সংকটসহ নানামুখী সমস্যার কথা তুলে ধরেন। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ইশারা ভাষার দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা জানান।

 

মতবিনিময় শেষে জাইমা রহমান বলেন, এ ধরনের আলোচনার মাধ্যমে প্রতিবন্ধী নাগরিকদের মতামত প্রকাশের সুযোগ আরও বাড়বে এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার পথ তৈরি হবে। একই সঙ্গে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করার প্রতিশ্রুতিও দেন।