৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
দেশের বাজারে সোনার দাম আজ সকাল ও বিকেল—মাত্র ৬ ঘণ্টারও কম ব্যবধানে আরেক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। নতুন দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। দিনের মধ্যে দুই দফায় মোট বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা।
নতুন দাম অনুযায়ী:
- ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা
এছাড়া রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। অন্যান্য ক্যারেটের রুপার দামও সমানুপাতে বেড়েছে।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে সোনার দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। গত বছর (২০২৫) সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল—৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়।
সোনার দামের এই ঊর্ধ্বগতি করোনা-পরবর্তী সময় থেকে অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবারের মতো ভরি সোনার দাম এক লাখ টাকায় উঠে। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায়।
আন্তর্জাতিক বাজারে সোনার দামও চড়া। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৭০৩ ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪ হাজার ৭৪২ ডলার। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৫ হাজার ৩৭৫ ডলার।
