মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

জীবন্ত কাগজে তারেক রহমানের প্রচার

ওয়াফিক শিপলু

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ায় ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘জীবন্ত কাগজ’ দিয়ে তৈরি বিশেষ লিফলেট বিতরণ করেন ছাত্রনেতারা ও স্বেচ্ছাসেবকরা।

এই জীবন্ত কাগজ সাধারণ কাগজের মতো নয়। এতে রয়েছে বিভিন্ন সবজির বীজ। মাটিতে পুঁতে সামান্য পানি দিলেই কাগজটি গলে গিয়ে গাছ হয়ে ওঠে। লিফলেটগুলোতে টমেটো, মরিচ, ধনেপাতা ও শাকজাতীয় বীজ ব্যবহার করা হয়েছে। ফলে প্রচারণার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নের একটি ইতিবাচক বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার  দুপুরে আজিজুল হক কলেজ চত্বরে শিক্ষার্থীদের হাতে হাতে এসব লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় প্রচারণা কার্যক্রম দেখতে ভিড় করেন সাধারণ শিক্ষার্থীরাও। অনেকে কৌতূহল নিয়ে জানতে চান, কীভাবে কাগজ থেকে গাছ জন্মাবে। ছাত্রনেতারা তাদের সামনে জীবন্ত কাগজের ব্যবহার পদ্ধতিও ব্যাখ্যা করেন।

আয়োজক ছাত্রনেতা রাকিবুল ইসলাম বলেন,

আমরা শুধু নির্বাচনী প্রচার করছি না, আমরা পরিবেশ রক্ষার বার্তাও দিচ্ছি। এই লিফলেট কেউ ফেলবে না, বরং মাটিতে পুঁতে গাছ বানাবে। এতে তারেক রহমানের রাজনৈতিক বার্তার সঙ্গে সঙ্গে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নও যুক্ত হচ্ছে।

আরেক স্বেচ্ছাসেবক আশিক রহমান বলেন,

সাধারণ কাগজে লিফলেট দিলে মানুষ পড়ে ফেলে দেয়। কিন্তু জীবন্ত কাগজ মানুষ সংরক্ষণ করে। এতে পরিবেশের উপকার হয় এবং প্রচারণাও দীর্ঘদিন মানুষের মনে থাকে।

কলেজের এক শিক্ষার্থী জানান,

এ ধরনের প্রচারণা আগে দেখিনি। কাগজে লেখা পড়ার পর সেটাকে গাছ বানানো যাবে—এটা দারুণ আইডিয়া। এতে রাজনীতি ও পরিবেশ দুটোই একসঙ্গে এগোবে।

স্থানীয় এক শিক্ষক বলেন,

“নির্বাচনী প্রচারণার পাশাপাশি তরুণদের মধ্যে সবুজায়নের সচেতনতা তৈরি হলে সমাজ ও প্রকৃতি দুটোই উপকৃত হবে। এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বগুড়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম এলাকায় পর্যায়ক্রমে এই জীবন্ত কাগজ বিতরণ করা হবে। এর মাধ্যমে তরুণ সমাজকে পরিবেশবান্ধব রাজনীতির দিকে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।

সচেতন মহলের মতে, বগুড়ার রাজনীতিতে এই ধরনের পরিবেশবান্ধব প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে অন্যান্য দলও এমন উদ্যোগ নিতে উৎসাহিত হবে।