নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমের
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণে তার আর কোনো আইনগত বাধা থাকল না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করেন। আদালতের এ আদেশের পর কাইয়ুমের পক্ষে থাকা আইনজীবীরা জানান, নির্বাচনে অংশ নিতে তার প্রার্থিতা সম্পূর্ণ বৈধ রয়েছে।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়।
রিট খারিজের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, “আমরা আপিল বিভাগে যাবো, দ্বৈত নাগরিকত্ব থাকা কারো নির্বাচন করার বৈধতা থাকতে পারে না।”
উল্লেখ্য, ড. এমএ কাইয়ুমের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। এসব অভিযোগের বিষয়ে তিনি আগেই অবস্থান পরিষ্কার করেন।
গত ১৯ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ড. এমএ কাইয়ুম দাবি করেন, “সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন ছড়ানো হয়েছে যে আমি ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং সেখানে আমার বাড়ি বা বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।”
হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। নাহিদ ইসলামের আপিলের ঘোষণার প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
