আজ পবিত্র শবে বরাত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)।
হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ বা ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত। পবিত্র এ রাতে মহান আল্লাহ তাঁর অসীম রহমত ও মাগফিরাত দ্বারা বান্দাদের ক্ষমা করে থাকেন। তাই আজকের এই রাত ইবাদত-বন্দেগি, দোয়া ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে রয়েছে পাপমোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমালাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন শবে বরাতে। অনেকে মৃত স্বজনের কবর জিয়ারত করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। তাই কাল সব সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
